রাঙ্গুনিয়ায় সাপ্তাহিক গীতা ক্লাস: নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম
সৌরভ সাহা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১
140 জন পড়েছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী রাস বিহারী ধাম প্রাঙ্গনে অবস্থিত “উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতন”-এ নিয়মিত সাপ্তাহিক গীতা ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চর্চা বিকাশের লক্ষ্য নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
জানা যায়, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শ্রী লিটন মজুমদার ও শ্রী মিল্টন মজুমদার। তাঁদের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এলাকার ধর্মীয় শিক্ষার প্রসারে এ গীতা শিক্ষা নিকেতন গড়ে ওঠে, যা বর্তমানে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এই গীতা ক্লাসে শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠ, শুদ্ধ উচ্চারণ, অর্থ ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়। ক্লাসটি পরিচালনা করছেন অভিজ্ঞ শিক্ষক শ্রী প্রদীপ দে মহোদয়, যিনি সহজ ও প্রাঞ্জল ভাষায় গীতার গভীর তত্ত্ব তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় শিক্ষার্থীরা গীতার মূল দর্শন ও নৈতিক শিক্ষা সহজেই অনুধাবন করতে পারছে।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গীতা ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মশুদ্ধি, ধৈর্য, সহনশীলতা ও মানবিক গুণাবলি সম্পর্কে ধারণা লাভ করছে।
প্রতি সপ্তাহে শিশু-কিশোর, যুবক-যুবতী ও বয়োজ্যেষ্ঠদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়মিত এই ক্লাসে পাঠাচ্ছেন, যাতে তারা ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে উঠতে পারে।
স্থানীয় সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে পরিচালিত এই গীতা শিক্ষা নিকেতন ভবিষ্যতে আরও বিস্তৃত কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। সংশ্লিষ্টরা সকল ধর্মপ্রাণ ভক্তদের নিয়মিত এই সাপ্তাহিক গীতা ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।