Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জীবনভর অর্জিত পেনশনের সব টাকা দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দরিদ্র মেয়েদের জন্য স্কুল ও হোস্টেল নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন নার্স রেখা রানী ওঝা। বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে পড়ে স্কুলটি সচল রাখতে হিমশিম খাওয়ায় প্রতিষ্ঠানটি দ্রুত এমপিওভুক্তির আকুল দাবি জানানো হচ্ছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম বুরুয়া। পিছিয়ে পড়া ও অবহেলিত পরিবারের মেয়েদের আলোর মুখ দেখাতে জীবনের সব সঞ্চয় বিলিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মহীয়সী নারী রেখা রানী ওঝা। আজীবন অবিবাহিত থেকে নার্সিং পেশা থেকে অর্জিত পেনশনের পুরো টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন ‘কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল’। নিজ জীবনের দীর্ঘ সংগ্রামের পর অর্জিত সম্বল দিয়ে তিনি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই খাড়া করেননি, বরং দুস্থ ও অবহেলিত পরিবারের মেয়েদের বাল্যবিয়ে থেকে রক্ষা করে শিক্ষিত মানবসম্পদে রূপান্তরের এক মহা ব্রতে আত্মনিয়োগ করেছেন।