চাঁদপুরে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেলেন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১২ আগস্ট ২০২৬, ১৪:১৪
82 জন পড়েছেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া যমজ ভাই-বোন জিপিএ ৫ পেয়েছেন। তারা উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এই ফল করেছেন।
একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ উপজেলার ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী সজল চন্দ্র ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান।
সোমবার ফল প্রকাশের পর যমজ ভাই-বোনের জিপিএ ৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের সৃষ্টি হয়। কৌশিক ভবিষ্যতে বায়োকেমিস্ট এবং সুপ্তি চিকিৎসক হতে চায়।
কৌশিক ও সুপ্তি বলেন, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা, শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণে আরও ভালোভাবে পড়াশোনা করতে চায় তারা।
কৌশিক-সুপ্তির বাবা সজল ঘোষ বলেন, “একসঙ্গে ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।”
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু বলেন, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৭৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। আর পাসের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ।
তিনি বলেন, একই প্রতিষ্ঠান থেকে দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। কৌশিক ও সুপ্তির এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের।
আগামী দিনের তাদের স্বপ্ন পূরণে এ সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন প্রভাষক বদিউল আলম।