কানাডায় ইউসিএমএএস ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ বাংলাদেশি শিক্ষার্থী কুশল সাহা
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৩ জুন ২০২৬, ১৪:৪৬
54 জন পড়েছেন
বাংলাদেশি ক্ষুদে শিক্ষার্থী কুশল সাহা (৯) এ বছর কানাডার ছয়টি প্রভিন্সের শিক্ষার্থীদের প্রতিযোগিতা-২০২৬, ইউসিএমএএস ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে। ক্ষুদে অদম্য মেধাবী এই কুশল সাহা কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সুভাষ সাহার দৌহিত্র (একমাত্র মেয়ে সুস্মিতা সাহার পুত্র)।
তবে গত বছর ২০২৫, ইউসিএমএএস গ্র্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছিল একজন চাইনিজ শিক্ষার্থী।
কানাডায় অনুষ্ঠিত শিশুদের মস্তিষ্কের সার্বিক বিকাশের লক্ষ্যে এই মেধা অন্বেষণ মূলক প্রতিযোগিতায় এবার কানাডায় বসবাসরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশি শিক্ষার্থী কুশল সাহা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গোটা কানাডায় রীতিমত তাক লাগিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করলো।
কুশল সাহার বাবা কমল কৃষ্ণ সাহা ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ফাইনান্সে স্নাতকোত্তর (এমবিএ) করেন। এছাড়া আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে সিএফএ এবং সিএমটি (চার্টার্ড ফাইনান্সিয়াল এনালিস্ট এবং চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান) উত্তীর্ণ হয়ে বর্তমান কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এমবিএ সম্পন্ন করে ম্যাথে পিএইচডি করছেন।
আর কুশলের মা সুস্মিতা সাহা বাংলাদেশে দন্ত চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে বর্তমানে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির হেল্থকেয়ারে কর্মরত আছেন।
নবীনগরের বিটঘরে জন্মগ্রহণকারী কুশল সাহার দাদু কালের কণ্ঠের সাংবাদিক সুভাষ সাহা বলেন, ‘কানাডায় ইউসিএমএএস মানে হল ইউনিভার্সাল কনসেপ্ট অব মেন্টাল এরিথমেটিক সিস্টেম, এটি শিশুদের মস্তিষ্কের সার্বিক বিকাশ এবং মানসিক গণনার (মেন্টাল ম্যাথ) দক্ষতা বৃদ্ধির একটি বিশ্বব্যাপী স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির পরীক্ষা। যেখানে ৮ মিনিটে ২০০ প্রশ্নের জবাব দিয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হতে হয়। গত ৫ দিন আগে কুশল সাহা কানাডার ৬ টি প্রভিন্সে (রাজ্য) অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে সম্মিলিত গ্রুপের ইউসিএমএএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এবছর ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেন।
সুভাষ সাহা তার দৌহিত্র কুশল সাহার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন।’