সাংবাদিক দেবাশীষ ও ছেলের শেষকৃত্য, স্ত্রী-শ্বশুরের দাফন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৬, ১০:২৯
27 জন পড়েছেন
ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের ৩ সদস্যের শেষকৃত্য ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার (২২ আগস্ট) সাড়ে ১০টায় মরদেহগুলো কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়াস্থ ভাড়া বাড়িতে পৌঁছায়। মরদেহগুলো পৌঁছানোর পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই ওই বাড়িতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
সাংবাদিক দেবাশিষ দত্ত মুসলিম পরিবারে বিয়ে করেন। তাই পারিবারিক সিদ্ধান্ত তার স্ত্রী আফসানা সিম্মিনকে তার বাবা আকরাম আলীর সঙ্গে পৌর গোরস্থানে দাফন করা হয়। পরে হিন্দু রীতি অনুযায়ী শনিবার দিবাগত রাত ১টার পরে কুষ্টিয়া মহাশ্মশানে দেবাশীষ দত্ত ও তার ছেলে শর্নশীষ দত্তের সৎকার করা হয়। সৎকারে নিহত দেবাশীষের আত্মীয়-স্বজন, এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপিস্থত ছিলেন। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন নিহত দেবাশীষের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে কুষ্টিয়া মডেল মসজিদে জানাজা শেষে পৌর গোরস্তানে দেবাশীষের স্ত্রী আফসানা সিম্মিন ও শ্বশুর আকরাম আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। দাফনে নিহতদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীৎ উপস্থিত ছিলেন।
প্রিয়জনদের হারিয়ে স্বজনরা বলছেন, এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাদের দাবি, কলকাতার ওই অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা দেবাশীষের পরিবার। তাদের পাশে দাঁড়াতে সরকারসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান দেবাশীষের স্বজন, এলাকাবাসী ও জেলার গণমাধ্যমকর্মীরা।
এদিকে দেবাশীষের মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক, বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও তার বাড়িতে ছুটে আসেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই শেষবারের মতো সাংবাদিক দেবাশীষ দত্তকে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা সিম্মিন (২৫), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়। প্রক্রিয়া শেষ করে চার দিন পর দেশে আসে নিহতদের মরদেহ।
সাংবাদিক দেবাশিষ দত্তের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ জেলার সাংবাদিক অঙ্গনে চলছে শোকের মাতম। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ১৯ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।