শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামের রাজপথে জাগো হিন্দু পরিষদ ও হিন্দু ছাত্র মহাজোট
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
২০ জুন ২০২৬, ১৩:২৩
29 জন পড়েছেন
শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি অবমাননার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে এক বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রামের বিভিন্ন হিন্দু, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শৈবাল শীল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য অমিত পারিয়াল।
সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ন শর্মা, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক টিটু শীল, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি নয়ন চৌধুরী, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক জয় দেবনাথ, দপ্তর সম্পাদক সাগর দেবনাথ, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক চক্রবর্তী, পলাশ ভট্টাচার্য্য, রাজীব দেবনাথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শুভ শীল, শুভংকর চক্রবর্তী, রকি ধর, বিশাল দেবনাথ, রিমন দেবনাথ, শ্রুতি দে, রাম সেবক সংগঠনের তূর্য্য রুদ্র, দেবাশীষ সেন, টিম্পল পাল নিশান এবং সনাতনী কল্কি ব্যান্ডের সদস্যরা উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, শ্রী রামচন্দ্র কেবল একটি ধর্মীয় নাম নয়, তিনি কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাস, আদর্শ ও আধ্যাত্মিক চেতনার প্রতীক। তাঁর প্রতিচ্ছবি অবমাননার ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধর্ম, ধর্মীয় প্রতীক বা উপাস্যকে অবমাননার ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ধর্মীয় মর্যাদা রক্ষা, সম্প্রীতি বজায় রাখা এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।