রংপুর নগরীতে একই হিন্দু পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৬, ০২:৪৬
96 জন পড়েছেন
রংপুরে তালাবদ্ধ ঘরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র ডিআরবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত ওই এলাকার দুই যুবককে আটকের তথ্য পাওয়া গেছে। তাদের বাড়ি মাছুয়াপাড়ায় বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পর ভবনটিতে বসে তারা ইয়াবা সেবন করে বলেও আলামত পাওয়া গেছে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, চারজনের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়।
সুত্র আরও জানায়, আটকদের মধ্যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশেই দখীগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়।
সূত্রটি আরও জানায় যে, স্থানীয় যুবকদের একটি দল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা ডাকাতির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটায়।
এদিকে পুলিশ সন্দেহভাজনদের আটকের বিষয়টি স্বীকার না করলেও দুপুর ১২টার দিকে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।
উল্লেখ্য যে, শনিবার (২২ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন— গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৪) ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়ম (১২)।
শনিবার রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। দোতলা বাড়িটির ছাদে গণপতি চক্রবর্তীর মরদেহ, সিঁড়িতে তার স্ত্রী ও মেয়ের মরদেহ এবং শোবার ঘরে খাটের নিচ থেকে ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোর ৪টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। ছেলে প্রিয়ম ছিল রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।