হাজারো ভক্তের অংশগ্রহণে মাদারীপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা।
সাগর কর্মকার
মাদারীপুর শিবচর প্রতিনিধি।
প্রকাশিত:
১৬ জুলাই ২০২৬, ১১:০৬
93 জন পড়েছেন
হাজারো ভক্তের অংশগ্রহণে মাদারীপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা।
ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের পাঠককান্দি এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য রথযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।
রথযাত্রার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। উদ্বোধন শেষে তিনি রথের দড়িতে টান দিয়ে শুভ সূচনা করেন। এ সময় তিনি সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যই বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এরপর ভক্তদের "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রাটি শহরের পাঠককান্দি থেকে পুরাণকোর্ট হয়ে পুরাণ বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ভক্তরা কীর্তন, প্রার্থনা ও ধর্মীয় সংগীতে অংশ নেন। রথকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন। ফলে পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও বিপুল মানুষের অংশগ্রহণে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে।