গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী কৃষ্ণলীলা ও নাম কীর্তনের মহা আয়োজন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৬ মে ২০২৬, ১৪:৩৩
122 জন পড়েছেন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুর এলাকার মধ্যরাম চন্দ্রপুর বৃন্দাবন পাড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
ধর্ম মাস উপলক্ষে কৃষ্ণ নামের সমাপন, পবিত্র গীতা পাঠ ও লীলা কীর্তনকে কেন্দ্র করে ১৫ ও ১৬ মে শুক্রবার ও শনিবার এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে দেশের খ্যাতিমান কীর্তনীয়া শিল্পীরা অংশ নিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ লীলা কীর্তন, নামসংকীর্তন ও ভক্তিমূলক নানা ধর্মীয় পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো মন্দির প্রাঙ্গণ।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাম কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে লীলা কীর্তন ও ধর্মীয় আয়োজন।
ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। শুক্রবার পরিবেশন করা হবে ১০১ মণ দুধের পায়েস, তাল মিছরি ও অন্ন প্রসাদ। শনিবার থাকবে মহাপ্রভুর প্রসাদ বিতরণ।
আয়োজকরা জানান, ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং প্রসাদ গ্রহণের প্রণামী নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, যা শুধুমাত্র শুক্রবার ও শনিবারের জন্য প্রযোজ্য।
এ বিষয়ে পলাশবাড়ী শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র এক ফেসবুক পোস্টে বলেন, “আমি ভগবানের কাছে কিছু চাই না, আমি চাই কৃষ্ণভক্তের চরণ ধুলি। সকল কৃষ্ণভক্তবৃন্দকে অনুষ্ঠানে এসে ভগবানের কৃপা লাভের আহ্বান জানাই।”
স্থানীয় ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের মধ্যে এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত অনুষ্ঠানে অংশ নেবেন।