Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
পাহাড়ি জনপদ খাগড়াছড়ির সিঙ্গিনালা স্তরে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার সেবাশ্রমে পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ তিরোধান উৎসব ও মহানামযজ্ঞ মহাসমারোহে উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা এই অঞ্চলের সনাতনীদের জন্য দিনটি ছিল এক পরম আধ্যাত্মিক মিলনমেলা। ভোর থেকেই উৎসব প্রাঙ্গণ খাগড়াছড়িসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পুণ্যার্থী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ভক্তদের আকুল কণ্ঠের মহামন্ত্র, নাম কীর্তন এবং গগনবিদারী হরিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র সেবাশ্রম এলাকা, যা পাহাড়ি প্রকৃতির মাঝে এক অপূর্ব স্বর্গীয় আবহ তৈরি করে।