অক্ষয় তৃতীয়া: চিরঅক্ষয় পুণ্যলাভের দিন, মহিমা-কাহিনী ও পালনবিধি নিয়ে বিশেষ প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৬, ০১:৫১
138 জন পড়েছেন
হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া আজ দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত এই দিনটি “অক্ষয়” অর্থাৎ অবিনাশী পুণ্যফল দানের জন্য বিশেষভাবে পরিচিত। শাস্ত্র মতে, এই তিথিতে যে কোনো সৎকর্ম, দান, পূজা বা জপের ফল কখনো ক্ষয় হয় না, বরং অনন্তকাল ধরে বৃদ্ধি পায়।
ধর্মীয় কাহিনী ও পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া নানা তাৎপর্যপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত। বিশ্বাস করা হয়, এই তিথিতেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং গঙ্গাদেবীর মর্ত্যে অবতরণ ঘটে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাবও এই দিনে। একই সঙ্গে মহাভারতের রচনার সূচনা, যজ্ঞের উপাদানের উৎপত্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভের ঘটনাও এই তিথির মাহাত্ম্যকে আরও সমৃদ্ধ করেছে।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার দিনে বদরিকাশ্রমের দ্বার উন্মুক্ত হয় এবং বিভিন্ন তীর্থক্ষেত্রে বিশেষ পূজা ও দর্শনের আয়োজন করা হয়। পুরীর জগন্নাথধামে এই দিন থেকেই রথ নির্মাণের কাজ শুরু হয় এবং চন্দন যাত্রারও সূচনা ঘটে। এছাড়া শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন, কুবেরের ঐশ্বর্য লাভ এবং মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাবের মতো ঘটনাও এই তিথির সঙ্গে সম্পৃক্ত বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।
অক্ষয় তৃতীয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দান ও পূণ্যকর্ম। এই দিনে অন্নদান, বস্ত্রদান, জলদান, গরুদান বা স্বর্ণদান অত্যন্ত শুভ বলে বিবেচিত। অনেকেই নতুন ব্যবসা শুরু, স্বর্ণ ক্রয় কিংবা গৃহনির্মাণের মতো শুভ কাজ এই তিথিতে সম্পন্ন করেন, কারণ এটি সর্বশ্রেষ্ঠ শুভ মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচিত।
পালনবিধির ক্ষেত্রে ভোরে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করার প্রচলন রয়েছে। উপবাস পালন, গীতা পাঠ, নামজপ এবং দরিদ্রদের মধ্যে দান করার মাধ্যমে ভক্তরা এই দিনের পূণ্যলাভের চেষ্টা করেন। অনেক স্থানে বিশেষ কীর্তন, হোমযজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়।
সমাজের বিভিন্ন স্তরের মানুষ অক্ষয় তৃতীয়াকে আত্মশুদ্ধি, দানশীলতা ও ভক্তির প্রতীক হিসেবে দেখেন। বর্তমান সময়েও এই তিথি মানুষকে মানবিকতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে চলেছে।
অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে HindusNews পরিবারের পক্ষ থেকে সকল সনাতনীকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।