বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২
ছবি : সংগৃহীত
210 জন পড়েছেন
শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি বয়কট করার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি, ফলে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হতে আর কোনো বাধা রইল না।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে নিবিড় আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইএসপিএন ক্রিকইনফো জানায়, আলোচনাগুলো ইতিবাচক সমাধানের দিকেই এগোচ্ছে। একইদিন সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়। উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ওপর কোনো জরিমানা করা হবে না। পাশাপাশি ২০২৮–২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পর বিসিবি এক বিবৃতিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়। এর আগে, রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি পরিচালক পিসিবির সঙ্গে আলোচনার জন্য লাহোরে পৌঁছান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশ করতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি ছাড়া একমাত্র পিসিবিই ভোট দিয়েছিল। এ বিষয়ে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন এবং বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন।
সবশেষে আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু সুবিধা আদায় হওয়ার পরিপ্রেক্ষিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ফলে আবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে প্রস্তুত ক্রিকেট বিশ্ব।