জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার!
নেটিজেনদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৬
329 জন পড়েছেন
জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়েছে। অনুশীলনের সময় ক্লান্তি দূর করতে ডাবের পানি পান করার একটি ছবি ঘিরে এই বিতর্কের সৃষ্টি হয়।
সম্প্রতি “11 Sports” নামের একটি ফেসবুক পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় অনুশীলনের ফাঁকে সৌম্য সরকার ডাবের পানি পান করছেন। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, তিনি নাকি রোজাকে সম্মান না দেখিয়ে সবার সামনে ডাব খাচ্ছেন। সেখানে আরও উল্লেখ করা হয় যে, আশেপাশে থাকা ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ছিলেন এবং তারা রোজাদার।
পোস্টে আরও বলা হয়, বিসিএল ম্যাচের অনুশীলনের সময় কাঠফাটা রোদে রোজাদারদের সামনে ডাব খাওয়া তাদের সংযমকে হালকা করে দেওয়ার শামিল। এই ভাষ্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
তবে পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই অসংখ্য নেটিজেন এর প্রতিবাদ জানান। অনেকেই মন্তব্য করেন, একজন পেশাদার ক্রিকেটারের জন্য অনুশীলনের সময় পানীয় গ্রহণ করা স্বাভাবিক বিষয় এবং তা ধর্মীয় অবমাননার সঙ্গে যুক্ত করা অনুচিত। কেউ লিখেছেন, “খেলোয়াড়রা নিজেদের শারীরিক সক্ষমতা অনুযায়ী চলবেন, এটাকে ইস্যু বানানো ঠিক না।” আরেকজন মন্তব্য করেন, “ধর্মকে টেনে এনে বিভাজন তৈরি করার চেষ্টা বন্ধ হওয়া উচিত।” আবার একজন লেখেন, “রোজা ব্যক্তিগত ইবাদত, অন্য কেউ পানি খেলে সেটা অসম্মান হয় না।”
সমালোচকদের দাবি, একটি সাধারণ মুহূর্তকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। অনেকেই মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাই ছাড়া এমন পোস্ট দেওয়া উচিত নয়।