Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ঢাকা মেডিকেল কলেজের ড. ফজলে রাব্বি হলে অবস্থিত প্রায় ৩০০-৪০০ বছরের প্রাচীন ‘আট-চালা’ স্মৃতি মঠটি বর্তমানে লতা-গুল্মের গ্রাসে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে। ঢাকার ইতিহাস ও প্রাচীন সনাতনী ঐতিহ্য রক্ষায় অতি দ্রুত এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি সংরক্ষণের জোর দাবি উঠেছে।
পুরান ঢাকার ঐতিহাসিক বকশীবাজার এলাকায় ঢাকা মেডিকেল কলেজের ড. ফজলে রাব্বি হল প্রাঙ্গণে আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় তিনশ থেকে চারশ বছরের প্রাচীন এক ঐতিহাসিক শতবর্ষী মঠ। অনন্য স্থাপত্যশৈলীতে নির্মিত আনুমানিক ৩৬ ফুট উচ্চতার এই অবকাঠামোটি মূলত একটি 'আট-চালা' মঠ, যা একটি চার-চালা কাঠামোর ওপর অপর একটি চার-চালা ছাদ স্থাপন করে গড়ে তোলা হয়েছে। যদিও সাধারণ দর্শনার্থীরা প্রায়শই এটিকে প্রাচীন মন্দির হিসেবে ভুল করে থাকেন, তবে প্রকৃত সনাতন ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য অনুযায়ী এটি কোনো দেবালয় নয়, বরং প্রয়াত কোনো বিশিষ্ট ব্যক্তির স্মৃতি সংরক্ষণে নির্মিত পরম শ্রদ্ধেয় স্মৃতিস্তম্ভ। মঠটির নান্দনিক কারুকাজ ও নির্মাণরীতির সাথে মুঘল স্থাপত্যশৈলীর অসামান্য সাদৃশ্য পরিলক্ষিত হয়, যা ঢাকা শহরের প্রাচীন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সনাতনী ইতিহাসের এক বিরল প্রতিফলন।