রংপুরে গণপতি চক্রবর্তীসহ চারজন হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে হিন্দু মহাজোটের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৬, ০২:২৪
15 জন পড়েছেন
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও পুত্র আয়ুষ চক্রবর্তীকে হত্যার ঘটনায় প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং পুলিশের ভূমিকার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, সহসভাপতি দুলাল মণ্ডল ও নিতাই দে সরকার, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শুভ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, হিন্দু যুব মহাজোটের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি মধু, সাধারণ সম্পাদক সুজন গাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের কাছে হিন্দু সম্প্রদায় বৈষম্য ও নির্যাতনমুক্ত পরিবেশের প্রত্যাশা করেছিল। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, হত্যা, হত্যাচেষ্টা, হুমকি, জমি দখল, প্রতিমা ভাঙচুর, দেশত্যাগে বাধ্য করার চেষ্টা, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং চুরি-ডাকাতির মতো ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন তারা।
রংপুরের ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একটি পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে পুলিশ নানা ধরনের বক্তব্য দিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের তদন্তে চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে রহস্যজনক তৎপরতা দেখা যাচ্ছে। পুলিশের দেওয়া বক্তব্যকে ‘গালগল্প’ আখ্যা দিয়ে তারা বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার না করে কোনো সাজানো কাহিনি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
সমাবেশ থেকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে গণপতি চক্রবর্তীসহ চারজন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তারা বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা না হলে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা হবে।
সমাবেশে হিন্দু যুব মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোটের নেতারাও বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের দপ্তর, গণমাধ্যম ও মহানগর শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব বক্তব্য ও অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।