টানা দুই রাত নিরবচ্ছিন্ন সেবায় বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ সনাতন মহাসংঘ
শান্ত পাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ০১:০৫
96 জন পড়েছেন
বাংলাদেশ সনাতন মহাসংঘ, বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ এবং বাংলাদেশ সনাতন মহাসংঘ বরুড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
মানবিক এই উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক (২০০+) পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, মুড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ কার্যক্রমে উপকৃত পরিবারগুলো সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, টানা দুই রাত না ঘুমিয়ে এবং কোনো প্রকার বিশ্রাম ছাড়াই বাংলাদেশ সনাতন মহাসংঘের সারথিরা নিরলস পরিশ্রম করে ত্রাণসামগ্রী সংগ্রহ, পরিবহন ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। তাদের এই আত্মত্যাগ ও সেবামূলক মনোভাব স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে।
ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সনাতন মহাসংঘ বরুড়া উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সভাপতি শ্রী রাজিব সরকার, সাধারণ সম্পাদক শ্রী মিঠুন সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী আকাশ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিজয় দাস, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সুজন রায়, অর্থ সম্পাদক শ্রী সাগর মজুমদার, কার্যনির্বাহী সদস্য শ্রী সজিব সরকার এবং কার্যনির্বাহী সদস্য শ্রী জয় ভৌমিক।
বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রীমান প্রণব চন্দ্র ভৌমিক বলেন, “আমাদের পরিকল্পনা ছিল তিন দিন আগেই শুকনো খাবার বিতরণ করার। তবে কিছু অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। প্রথমে আমরা ১০০ থেকে ১৫০টি পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছিলাম। কিন্তু প্রভু জগন্নাথের কৃপায় আজ ২০০টিরও বেশি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বাংলাদেশ সনাতন মহাসংঘ বরুড়া উপজেলা শাখার সভাপতি শ্রী রাজিব সরকার বলেন, “গত তিন দিন ধরে বরুড়া উপজেলার সারথিরা টানা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রথমে প্রভু জগন্নাথের রথযাত্রার সেবামূলক কার্যক্রম এবং এরপর চট্টগ্রামে বন্যার্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি। আমার সকল সহযোদ্ধার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের কারণেই দুটি গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মানবতা ও সেবার প্রতিটি প্রয়োজনে বাংলাদেশ সনাতন মহাসংঘ বরুড়া উপজেলা শাখা সর্বদা মানুষের পাশে থাকবে। সকলের আশীর্বাদ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
মানবিক সেবায় নিবেদিত বাংলাদেশ সনাতন মহাসংঘের এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সংগঠনটির নেতারা জানান, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।