রাঙ্গুনিয়া রাসবিহারী ধামে দানবীর রাখাল দাশগুপ্তের স্মরণে শোকসভা
সৌরভ সাহা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ২২:০৬
88 জন পড়েছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাসবিহারী ধামের প্রতিষ্ঠাতা সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এবং বিশিষ্ট দানবীর প্রয়াত রাখাল দাশগুপ্তের পবিত্র স্মরণে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাসবিহারী ধাম প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী শোকসভার আয়োজন করা হয়। রাঙ্গুনিয়া রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় সনাতনী সমাজের বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা ও দায়রা জজ নির্মল কান্তি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাখাল দাশগুপ্তের সহধর্মিণী পারুল দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার কার্যকরী সভাপতি সঞ্জীব সুশীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অসীম শীল, অসীম দত্ত, কানু দাশগুপ্ত, বিকাশ কর, গোপাল চৌধুরী, বাবুল বিশ্বাস, রমেন্দ্র লাল দে, টিটু সেন, সেবুব্রত রায় চৌধুরী ও ত্রিদিপ সাহাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সদস্যরা। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক ভক্ত-অনুরাগীর মাঝে প্রসাদস্বরূপ মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
শোকসভায় বক্তারা বলেন, প্রয়াত রাখাল দাশগুপ্ত ছিলেন সনাতন ধর্মের এক নিবেদিতপ্রাণ সেবক ও বিরল দানবীর। মঠ-মন্দির প্রতিষ্ঠা, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, গীতা শিক্ষা ও ধর্মীয় জাগরণে তাঁর অবদান আজও সনাতনী সমাজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি আজীবন ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অকাতরে দান করে গেছেন।
বক্তারা আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের ব্রত। একজন সফল শিল্পপতি হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর জীবনযাপনের অনন্য উদাহরণ। নিজের আরাম-আয়েশের চেয়ে সমাজ ও ধর্মের সেবাকেই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
সভায় উপস্থিত সবাই প্রয়াত রাখাল দাশগুপ্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সনাতন ধর্ম ও মানবকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।