দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন
মিলন বৈদ্য
সিনিয়র রিপোর্টার
প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ১১:২০
99 জন পড়েছেন
চট্টগ্রামের রাউজান উপজেলার ১১নং পশ্চিম গুজরা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ ধামে আগামী ১৫ ও ১৬ জুলাই ২০২৬ (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহোৎসব। উৎসবকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সর্বজনীন শ্রীশ্রী জগন্নাথ ধাম কার্যকরী পরিষদ।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবের প্রথম দিন ১৫ জুলাই (বুধবার) সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা ও ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, তুলসী আরতি, সন্ধ্যাকালীন কীর্তন এবং আনন্দ বাজারে অন্নপ্রসাদ বিতরণ।
দ্বিতীয় দিন ১৬ জুলাই (বৃহস্পতিবার) ভোরে প্রভাতী কীর্তনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজার শুভারম্ভ, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, রাজভোগ নিবেদন, ভোগারতি, অন্নপ্রসাদ বিতরণ এবং বিকেলে বর্ণাঢ্য শুভ রথযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রথপরিক্রমা শেষে সমাপনী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, গত ২৫ বছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। তারা সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রীশ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ লাভের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি শ্রীশ্রী জগন্নাথ ধাম, নতুন রঘুনন্দন চৌধুরী হাট সংলগ্ন, ১১নং পশ্চিম গুজরা, রাউজান।