শ্রীরামকে অবমাননার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
নয়ন চন্দ্র শীল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত:
২০ জুন ২০২৬, ১৫:০৪
16 জন পড়েছেন
গাইবান্ধার পলাশবাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং দেশের বিভিন্ন মন্দির ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুর সদর মডেল থানা সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সমীর কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রহলাদ সাহা রবি, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভানু নাগ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী এবং সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার।
বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্র কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তির প্রতীক। তাঁকে অবমাননা করা এবং মন্দির ধ্বংসের হুমকি দেওয়া শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।
তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো উসকানি বা ষড়যন্ত্রের মাধ্যমে এ সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন এবং ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।