রংপুরে গণপতি চক্রবর্তীসহ সপরিবারে হত্যার বিচার দাবিতে ঢাবিতে জয় বিশ্বাসের একক অবস্থান
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৬, ১৪:২৫
67 জন পড়েছেন
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একক অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী জয় বিশ্বাস।
বুধবার রাতে দীর্ঘ চার ঘণ্টা ধরে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁর হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
HindusNews-কে জয় বিশ্বাস বলেন, “রংপুরের গণপতি স্যারের সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে তিন দফা দাবিতে আমি দীর্ঘ চার ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছি।”
তিনি বলেন, “আমার প্রথম দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, রংপুরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতে জনগণের সামনে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে।”
জয় বিশ্বাস দল-মত নির্বিশেষে তাঁর কর্মসূচিতে সকলের সংহতি কামনা করেন।
তিনি বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি আশা করি, আমার এই দাবির সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা সংহতি প্রকাশ করবেন।”
উল্লেখ্য, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে তাঁর, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।