দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন প্রাণ বৈচিত্র্য খামার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ১৪:৪৭
33 জন পড়েছেন
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিজেন শর্মা পরিবেশ পদক অর্জন করেছে প্রাণ বৈচিত্র্য খামার।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামারের উদ্যোক্তা দেলোয়ার জাহান বলেন, "এই অর্জন শুধু আমাদের একার নয়। আমাদের সঙ্গে যুক্ত প্রতিটি প্রাণ, প্রকৃতিপ্রেমী মানুষ, কৃষক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।"
তিনি আরও বলেন, এই সম্মাননা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক কৃষির প্রসার এবং জীববৈচিত্র্য রক্ষায় আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, প্রাকৃতিক কৃষি কেন্দ্র ও প্রাণ বৈচিত্র্য খামার দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব কৃষি চর্চা, দেশীয় প্রজাতির সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছে। সেই ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠানটি এ বছরের দ্বিজেন শর্মা পরিবেশ পদকে ভূষিত হয়েছে।