ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
০২ জুলাই ২০২৬, ১০:৩৯
59 জন পড়েছেন
আগামী কয়েক দিনের টানা ও ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত সাপ্তাহিক বন্যা পূর্বাভাসে জানানো হয়, আগামী ৯ জুলাই পর্যন্ত বা এর কাছাকাছি সময়ে চট্টগ্রাম বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্যের উজান এলাকা এবং মিয়ানমার সীমান্তসংলগ্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উজান এলাকায় সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতিরিক্ত এই বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিচু এলাকায় সাময়িক প্লাবনের আশঙ্কাও রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।