পা ফসকে ঢলের পানিতে তলিয়ে গেলেন নিরঞ্জন, মিলল মরদেহ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১২ জুলাই ২০২৬, ১৪:৫৮
15 জন পড়েছেন
কক্সবাজারের রামুতে বাড়ি ফেরার পথে পা ফসকে ঢলের পানিতে তলিয়ে গিয়ে নিরঞ্জন দাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজের ঘণ্টাখানেক পর স্থানীয়রা অভিযান চালিয়ে তার মরদেহটি উদ্ধার করে।
রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা বিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত নিরঞ্জন দাস ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়া এলাকার মৃত সুধীর দাসের ছেলে।
নিরঞ্জনের ভাই ডালিম দাস জানান, নিরঞ্জন নাইক্ষ্যংছড়ির একটি দোকানে চাকরি করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইজিবাইকযোগে (টমটম) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের ফাক্রিকাটা এলাকায় সড়কের ওপর ঢলের পানি থাকায় ঝুঁকির কারণে টমটমচালক ওই পানি অতিক্রম করতে রাজি হননি। এরপর নিরঞ্জন দাস হেঁটেই সড়ক পার হওয়ার সিদ্ধান্ত নেন।
bandarban
দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি
তিনি বলেন, ফাক্রিকাটা বিলের মাঝামাঝি অংশে পানির স্রোত তুলনামূলক বেশি ছিল। শারীরিকভাবে প্রতিবন্ধি নিরঞ্জন সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি গর্তে পা পড়ে ভারসাম্য হারিয়ে ঢলের পানিতে তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলেও মুহূর্তের মধ্যেই তিনি পানির গভীরে হারিয়ে যায়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে পাঠানো হয়। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।