নবীনগরে হিন্দু বিবাহিত নারীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ১৪:২৪
69 জন পড়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক হিন্দু নারীকে (১৮) অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় অপহরণ ও ধ-র্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ইমন মিয়া (২৪) উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ড্রেজার রফিকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ, স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৮ জুলাই সকালে পাশ্ববর্তী বাজারে যাওয়ার পর ওই নারী নিখোঁজ হন। পরে তার বাবা নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের দাবি, নিখোঁজের তিনদিন পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নবীনগর সদরের সমবায় মার্কেট সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ৮ জুলাই শাহপুরে ফেরার পথে ইমন মিয়া তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে অচেতন করে নবীনগর সদরের একটি ভবনের চতুর্থ তলায় আটকে রাখা হয়। সেখানে তিনদিন ধরে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, ওই সময় তাকে খাবার দেওয়া হলেও তিনি শুধু পানি পান করে ছিলেন।
এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নবীনগর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা (ভিপি মারুফ) তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিষয়টি অপহরণ ও ধর্ষণ নাকি অন্য কিছু—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন হওয়া উচিত।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "ওই নারী অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ জানায়, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।